দীর্ঘদিন প্রেম করছিলেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু আইনি ঝামেলায় বিয়ে করতে পারছিলেন না। অবশেষে সাহস করে অগ্রসর হলেন তিনি। প্রেমিকের সঙ্গে আংটিবদল করলেন এই শিল্পী। তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন তিনি। তাঁর প্রেমিক স্যাম আসগারি অভিনেতা ও ফিটনেস প্রশিক্ষক। ৩৯ বছর বয়সী এই শিল্পী নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে ভক্তদের এ আনন্দের সংবাদ জানিয়েছেন। সেখানে দেখা গেছে, স্যাম ব্রিটনির কাছে জানতে চাইছেন, আংটি পছন্দ হয়েছে কি না। জবাবে ব্রিটনি বললেন, ‘হ্যাঁ’। ছবিতে আঙুলের হীরার আংটি ক্যামেরার সামনে তুলে ধরেন গায়িকা।

ব্রিটনি ও স্যামইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে অনামিকায় হীরার আংটি দেখিয়ে ব্রিটনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না।’ স্যাম তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে প্রথমে লিখেছেন, ‘বড় খবর আসছে।’ পরে তিনি ব্রিটনির হাতের আংটি দেখানো ছবি শেয়ার করেন।ব্রিটনি স্পিয়ার্সের মুখপাত্র ব্র্যান্ডন কোহেন তাঁদের আংটিবদলের খবরটি নিশ্চিত করে জানিয়েছেন, ‘এই যুগল দীর্ঘদিনের সম্পর্ককে আজ (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। ভক্তরা তাঁদের প্রতি যে সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেছেন, তাতে দুজনই অভিভূত।’ যুগলের ছবি এবং ভিডিওর মন্তব্যের ঘর উপচে পড়ছে শুভকামনায়। শুভেচ্ছা জানিয়েছেন প্যারিস হিলটন, উইলি গোমেজসহ ব্রিটনির কাছের বন্ধুরাও।